প্রিন্ট এর তারিখঃ Oct 5, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 5, 2026 ইং
রক্ষণভাগ ঢেলে সাজাতে চায় ম্যানইউ

গ্রীষ্মের দলবদলে রক্ষণভাগ শক্তিশালী না করার খেসারত দিতে হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডকে। মৌসুমের শুরুতে সাত ম্যাচে মাত্র একটিতে ক্লিনশিট রাখতে পেরেছে তারা, এর মধ্যে চার ম্যাচেই হজম করেছে অন্তত দুটি গোল। এমন পরিস্থিতিতে আগামী জানুয়ারির দলবদলে রক্ষণভাগে বড় পরিবর্তনের পরিকল্পনা করছে ক্লাবটি।
কোচ মাইকেল ক্যারিক বর্তমান রক্ষণভাগ নিয়ে উদ্বিগ্ন। গ্রীষ্মে গুরুত্বপূর্ণ কয়েকটি জায়গায় খেলোয়াড় না নেওয়ার পর এবার ভুল শুধরে নিতে চায় তারা। জানুয়ারিতেই নতুন ডিফেন্ডার আনার পরিকল্পনা করা হচ্ছে।
বিশেষ করে লেফট-ব্যাক পজিশনে নতুন খেলোয়াড় আনার প্রয়োজনীয়তা বেশ কিছুদিন ধরেই অনুভব করছে ইউনাইটেড। পাশাপাশি সেন্টার-ব্যাকেও শক্তি বাড়ানোর প্রয়োজন দেখা দিয়েছে। ম্যাথিয়াস ডি লিটের চোট, লিসান্দ্রো মার্তিনেজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা এবং হ্যারি ম্যাগুয়ারের বয়স, সব মিলিয়ে রক্ষণভাগে নতুন মুখের প্রয়োজনীয়তা বাড়ছে।
তবে জানুয়ারিতে বড় অঙ্কের অর্থ খরচ করে হাইপ্রোফাইল খেলোয়াড় কেনার ব্যাপারে সতর্ক ইউনাইটেড। বার্সেলোনার লেফট-ব্যাক আলেহান্দ্রো বালদেকে প্রাথমিকভাবে ধারে আনার সুযোগ তৈরি হলে সেটি বিবেচনা করতে পারে ক্লাবটি।
ফলে জানুয়ারির দলবদলে অন্তত রক্ষণভাগে তাৎক্ষণিক সমাধান খুঁজতে চায় ইউনাইটেড। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে ক্যারিকের অধীনে দলটির পুনর্গঠনের প্রক্রিয়াও নতুন গতি পেতে পারে।
এই ওয়েবসাইটের সকল ছবি ও ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার করা নিষেধ। উক্ত নিউজ পোর্টালটির নিবন্ধন কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।